মঙ্গলবার, জুন 2, 2026
Homeস্বাস্থ্যনকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে নবজাতকের মৃত্যুকে ঘিরে উত্তেজনা, গাফিলতির অভিযোগ পরিবারের

নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে নবজাতকের মৃত্যুকে ঘিরে উত্তেজনা, গাফিলতির অভিযোগ পরিবারের

নবজাতকের মৃত্যুর পর নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে বিক্ষোভ দেখান পরিজনরা, চিকিৎসায় গাফিলতির অভিযোগ ওঠে ডাক্তার ও কর্মীদের বিরুদ্ধে।

- Advertisement -

নকশালবাড়ি, ২৮ মে (শিলিগুড়ি ক্রনিকল) – বুধবার রাতে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে এক নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। মৃত শিশুর পরিবারের অভিযোগ, হাসপাতালের চিকিৎসায় গাফিলতির কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। ঘটনার পর হাসপাতাল চত্বরে বিক্ষোভ শুরু হলে পরিস্থিতি সামাল দিতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, নকশালবাড়ির স্টেশন পাড়ার এক গর্ভবতী মহিলাকে বুধবার সন্ধ্যায় প্রসব যন্ত্রণা শুরু হলে হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের অভিযোগ, ব্যথা বাড়তে থাকলেও বারবার ডাক্তার ও নার্সদের ডাকা সত্ত্বেও সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা দেওয়া হয়নি।

- Advertisement -

পরিবারের দাবি, চিকিৎসায় দেরির কারণে হাসপাতালের বেডেই সন্তানের জন্ম হয়। জন্মের পর নবজাতক কেঁদেছিল বলেও দাবি পরিবারের। তবে কিছুক্ষণের মধ্যেই শিশুটির মৃত্যু হয়, যার জেরে ক্ষোভে ফেটে পড়েন আত্মীয়রা।

ক্ষুব্ধ পরিবারের সদস্যরা কর্তব্যরত চিকিৎসক ও নার্সিং স্টাফদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালের ভিতরে বিক্ষোভ দেখান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নকশালবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

- Advertisement -

ঘটনার পর নকশালবাড়ি ব্লক স্বাস্থ্য দফতরের আধিকারিকরাও হাসপাতালে যান। পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং সাসপেনশন ও আইনি পদক্ষেপের দাবি জানানো হয়েছে।

পরিবারের দাবি, হাসপাতালে ভর্তি হওয়ার সময় মা ও সন্তান দুজনেই সুস্থ ছিলেন। কিন্তু সময়মতো চিকিৎসা না পাওয়ার কারণেই এই মৃত্যু হয়েছে বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও স্বাস্থ্য দফতর।

- Advertisement -
Sk Sahiluddin
Sk Sahiluddinhttps://www.siligurichronicle.com
Sk Sahiluddin is a seasoned journalist and media professional with a passion for delivering accurate and impactful news coverage to a global audience. As the Editor of Siliguri Chronicle, he plays a pivotal role in shaping the editorial direction and ensuring the highest journalistic standards are upheld.
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular