নকশালবাড়ি, ০৩ জুন (শিলিগুড়ি ক্রনিকল) – গত চার দিন ধরে নকশালবাড়ির বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়ানো একটি বাঁদরকে অবশেষে মঙ্গলবার আটক করতে সক্ষম হয়েছে বন দফতর, ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয় বাসিন্দারা।
অভিযোগ, বাঁদরটি রথখোলা, রেলগেট, স্টেশন এবং তালতলা এলাকায় একাধিক মানুষের উপর হামলা চালিয়েছিল। বন দফতর সূত্রে জানা গেছে, গত চার দিনে বাঁদরের হামলায় মোট ১১ জন আহত হয়েছেন।
মঙ্গলবার তালতলা এলাকায় আরও চারজনকে বাঁদরের কামড়ানোর অভিযোগ সামনে আসতেই তাকে ধরার অভিযান আরও জোরদার করা হয়।
পরিস্থিতির অবনতি হওয়ায় তুকরিয়াঝাড় রেঞ্জের বনকর্মীরা সকাল থেকেই বিশেষ অভিযান শুরু করেন। কয়েক ঘণ্টার চেষ্টার পর বেঙ্গল সাফারি পার্কের পশুচিকিৎসকদের একটি দল ডার্ট গান ব্যবহার করে বাঁদরটিকে অচেতন করতে সক্ষম হয়।
পরে প্রাণীটিকে নিরাপদে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেওয়া হয়। বন দফতরের কর্মকর্তারা জানান, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসার পর বাঁদরটিকে জনবসতি থেকে দূরে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
অভিযান সফল হওয়ার পর স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করে জানান, গত কয়েক দিন ধরে বারবার হামলার ঘটনায় তারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিলেন।

