খড়িবাড়ি, ০৪ জুন (শিলিগুড়ি ক্রনিকল) – মেয়াদোত্তীর্ণ ভিসা ব্যবহার করে ভারতে প্রবেশের চেষ্টা করার অভিযোগে খড়িবাড়ির পানিটাঙ্কি ভারত-নেপাল সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে।
সূত্রের খবর, নিয়মিত টহলদারির সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে সশস্ত্র সীমা বল (এসএসবি) জওয়ানরা ওই ব্যক্তিকে আটক করেন। পরে নথিপত্র যাচাই করে দেখা যায়, তার ভিসার মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। এরপর তাকে খড়িবাড়ি থানার হাতে তুলে দেওয়া হয়। এসএসবির দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে।
ধৃতের নাম মোহাম্মদ মুক্তার হোসেন। তিনি বাংলাদেশের ঢাকা জেলার নবাবগঞ্জের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, হোসেন ২০২৩ সালে বৈধ ভিসা নিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। তবে কলকাতায় থাকার সময় তার ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। অভিযোগ, এরপর তিনি দালাল চক্রের সহায়তায় নেপালে চলে যান।
জেরায় অভিযুক্ত নাকি তদন্তকারীদের জানিয়েছেন, রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণ, নজরদারি ও ফেরত পাঠানোর সাম্প্রতিক উদ্যোগ সম্পর্কে জানতে পেরে তিনি সীমান্ত দিয়ে পুনরায় ভারতে প্রবেশের চেষ্টা করেছিলেন।
ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। ঘটনার তদন্ত শুরু করেছে খড়িবাড়ি থানার পুলিশ।

