ফুলবাড়ি, ০২ জুন (শিলিগুড়ি ক্রনিকল) – উত্তরবঙ্গের চা শিল্পের ভবিষ্যৎ নিয়ে মঙ্গলবার উত্তরকন্যায় একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বন্ধ চা বাগান পুনরায় চালু করা, চা শ্রমিকদের কল্যাণ এবং শিল্পের সামগ্রিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক, সাংসদ রাজু বিস্তা, সাংসদ মনোজ টিগ্গা, বিধায়ক বিশাল লামা, অন্যান্য জনপ্রতিনিধি, টি বোর্ডের আধিকারিক এবং প্রশাসনিক প্রতিনিধিরা।
বৈঠকে চা শিল্পের বর্তমান পরিস্থিতি এবং চা শ্রমিকদের বিভিন্ন সমস্যার পর্যালোচনা করা হয়। শ্রমিকদের স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, সামাজিক সুরক্ষা এবং জীবনযাত্রার মান উন্নয়নের বিষয়েও আলোচনা হয়।
বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ রাজু বিস্তা জানান, প্রধানমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্পের অধীনে ১,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। তাঁর দাবি, অসম সরকার এই তহবিলের প্রায় ৭০০ কোটি টাকা ব্যবহার করলেও উত্তরবঙ্গের জন্য নির্ধারিত প্রায় ৩১৩ কোটি টাকা তৎকালীন তৃণমূল সরকার কেন্দ্রের কাছে প্রয়োজনীয় প্রস্তাব না পাঠানোর কারণে অব্যবহৃত থেকে যায়।
তিনি বলেন, অবশিষ্ট অর্থ চা শ্রমিকদের কল্যাণ, স্বাস্থ্য পরিষেবা এবং পরিকাঠামো উন্নয়নের কাজে ব্যয় করা হবে।
রাজু বিস্তা আরও বলেন, উত্তরবঙ্গে কোনও চা বাগান বন্ধ থাকবে না এবং বন্ধ থাকা সমস্ত চা বাগান দ্রুত পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে।
তিনি অভিযোগ করেন, কিছু ক্ষেত্রে চা বাগান বন্ধ করে সেই জমিতে হোটেল প্রকল্প গড়ে তোলার চেষ্টা চলছে। তবে এমন কোনও উদ্যোগ গ্রহণ করতে দেওয়া হবে না এবং চা বাগানের জমিতে চা চাষই অব্যাহত রাখতে হবে।
চা শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং চা শিল্পকে আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান। এ বিষয়ে ভবিষ্যতে আরও আলোচনা করে পরিকল্পনা চূড়ান্ত করা হবে।

