শিলিগুড়ি, ০৪ জুন (শিলিগুড়ি ক্রনিকল) – নবনিযুক্ত প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন শপথ গ্রহণের পর বৃহস্পতিবার শিলিগুড়িতে ফিরে এলে তাঁকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়।
নিউ জলপাইগুড়ি (এনজেপি) রেলস্টেশনে বিপুল সংখ্যক বিজেপি কর্মী ও সমর্থক তাঁকে স্বাগত জানাতে উপস্থিত হন। ফাঁসিদেওয়ার বিধায়ক দুর্গা মুর্মুও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিভিন্ন সম্প্রদায়ের মানুষও এই অনুষ্ঠানে অংশ নেন।
ঢাক-ঢোলের বাদ্য ও উৎসবমুখর পরিবেশের মধ্যে আনন্দময় বর্মনকে সংবর্ধনা জানানো হয়। পরে তিনি খোলা গাড়িতে করে নিজের বাসভবনের উদ্দেশ্যে রওনা দেন।
এনজেপি স্টেশনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি উষ্ণ অভ্যর্থনার জন্য দলীয় কর্মী ও সমর্থকদের ধন্যবাদ জানান। পাশাপাশি তাঁকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ার জন্য দলীয় নেতৃত্ব ও মুখ্যমন্ত্রীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি দাবি করেন, তৃণমূল কংগ্রেস একসময় রাজনৈতিক গুরুত্ব হারাবে।
উত্তরবঙ্গের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটবে এবং আগামী দিনে অঞ্চলটি আরও দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাবে।

