শিলিগুড়ি, ২৪ মে (শিলিগুড়ি ক্রনিকল) – শিলিগুড়ির বাঘাযতীন পার্কে রবিবার শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ-এর উদ্যোগে আয়োজিত হল “সরাসরি শঙ্কর” কর্মসূচি। এই অনুষ্ঠানে শিলিগুড়ি ছাড়াও মালদা, কোচবিহার এবং কলকাতা-সহ বিভিন্ন জেলা থেকে বহু মানুষ উপস্থিত হয়ে তাঁদের অভিযোগ, সমস্যা ও পরামর্শ বিধায়কের সামনে তুলে ধরেন।
অনুষ্ঠানে ব্যক্তিগত সমস্যা থেকে শুরু করে জমি দখল এবং নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগও সামনে আসে। উপস্থিত মানুষের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন বিধায়ক শঙ্কর ঘোষ এবং আশ্বাস দেন যে বিষয়গুলি মুখ্যমন্ত্রী ও সংশ্লিষ্ট দপ্তরের নজরে এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক জানান, এর আগেও “সরাসরি শঙ্কর” কর্মসূচির আয়োজন করা হয়েছিল এবং আগামী দিনেও শিলিগুড়ির বিভিন্ন এলাকায় এই কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।
তিনি আরও জানান, ভবিষ্যতে শিলিগুড়ি পুরনিগম এলাকার বিভিন্ন ওয়ার্ডভিত্তিক “সরাসরি শঙ্কর” কর্মসূচিরও আয়োজন করা হবে।

