শিলিগুড়ি, ২৪ মে (শিলিগুড়ি ক্রনিকল) – ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করে রবিবার মাটিগাড়া থানার অন্তর্গত তুলসীনগর এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় চরম উত্তেজনা ছড়ায়। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, প্রথমে একটি সামান্য বচসা থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি বড় আকার ধারণ করে এবং দুই গোষ্ঠীর মধ্যে মুখোমুখি সংঘর্ষ বাধে। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং এলাকায় ব্যাপক মারামারির ঘটনা ঘটে।
ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে অভিযোগ। সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
নতুন করে যাতে অশান্তি না ছড়ায়, সেজন্য এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ পিকেট ও কেন্দ্রীয় বাহিনী। নিরাপত্তাও জোরদার করা হয়েছে এবং গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন।
পুলিশ প্রশাসনের তরফে এলাকাবাসীদের শান্তি বজায় রাখার আবেদন জানানো হয়েছে এবং গুজবে কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

