রাজগঞ্জ, ২২ মে (শিলিগুড়ি ক্রনিকল) – বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের প্রধান পূর্ণিমা রায় শুক্রবার নিজের পদ থেকে ইস্তফা দেওয়ার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার দাবি করেছেন। তাঁর এই পদক্ষেপ ঘিরে এলাকায় নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে।
শুক্রবার দুপুরে পূর্ণিমা রায় জলপাইগুড়ি সদর বিডিও অফিসে পৌঁছে বিডিও বিপ্লব কুমার বিশ্বাসের হাতে নিজের পদত্যাগপত্র জমা দেন। তাঁর সঙ্গে ছিলেন স্বামী অমর রায়।
অফিস থেকে বেরিয়ে এসে পূর্ণিমা রায় একাধিক অভিযোগ তোলেন। অন্যদিকে, তাঁর স্বামীর দাবি, এর আগে তাঁকে অপহরণ করে জোর করে বিজেপি ছাড়িয়ে তৃণমূলে যোগদান করানো হয়েছিল।
২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে ২৯ আসনের বেলাকোবা গ্রাম পঞ্চায়েতে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। সেখানে বিজেপি ১৫টি আসন, তৃণমূল ১২টি আসন এবং নির্দল প্রার্থীরা ২টি আসনে জয়ী হন। পূর্ণিমা রায় বিজেপির প্রার্থী হিসেবেই নির্বাচিত হয়েছিলেন।
পরিবারের অভিযোগ, পরে গ্রাম পঞ্চায়েতের দখল নিতে তাঁকে জোর করে তৃণমূলে যোগদান করানো হয়। রাজনৈতিক সমীকরণ বদলের পর তাঁকেই প্রধান করা হয়েছিল।
তাঁর এই পদত্যাগের পর ফের বিজেপিতে যোগদানের জল্পনা জোরদার হয়েছে। যদিও জেলা বিজেপি নেতৃত্ব জানিয়েছে, এই মুহূর্তে তাঁর পুনরায় দলে ফেরা নিয়ে কোনও সিদ্ধান্ত বিবেচনা করা হচ্ছে না।

