জলপাইগুড়ি, ২৯ মে (শিলিগুড়ি ক্রনিকল) – পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত লোকশিল্পী ও খ্যাতনামা সারিন্দা বাদক মঙ্গলা কান্তি রায় ১০৪ বছর বয়সে বৃহস্পতিবার গভীর রাতে প্রয়াত হন। তাঁর মৃত্যুতে উত্তরবঙ্গের সাংস্কৃতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া।
জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের ধবলাগুড়ি গ্রামের বাসিন্দা মঙ্গলা কান্তি রায় উত্তরবঙ্গের লোকসংস্কৃতির অন্যতম পরিচিত মুখ হিসেবে পরিচিত ছিলেন। আট দশকেরও বেশি সময় ধরে তিনি সারিন্দার সুরে শ্রোতাদের মুগ্ধ করে রেখেছিলেন।
দেশের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত লোকসঙ্গীত ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি অংশ নিয়েছিলেন। সারিন্দার মাধ্যমে পাখির ডাক ও নানা প্রাকৃতিক শব্দ তুলে ধরার অসাধারণ দক্ষতার জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন।
লোকসংস্কৃতিতে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ভারত সরকার ২০২৩ সালে তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে তাঁর নাম ঘোষণা করা হয় এবং পরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে রাষ্ট্রপতি ভবনে তিনি এই সম্মান গ্রহণ করেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত এক মাস ধরে তিনি বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন এবং চিকিৎসার জন্য জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার স্পেশালিটি বিভাগে ভর্তি ছিলেন। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তিনি বাড়ি ফিরে এসেছিলেন।
বৃহস্পতিবার গভীর রাতে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণ উত্তরবঙ্গের লোকসংস্কৃতির ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি বলে মনে করা হচ্ছে।

