শিলিগুড়ি, ২৫ মার্চ (শিলিগুড়ি ক্রনিকল): এক মহিলার নামে ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলে অশ্লীল ছবি ও বিভ্রান্তিকর বার্তা ছড়ানোর অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে সাইবার ক্রাইম থানার পুলিশ।
ধৃতের নাম অমর দত্ত। তিনি ফাকদাইবাড়ি এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফাকদাইবাড়ির এক মহিলা গত ২২ ফেব্রুয়ারি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি তাঁর পরিচয় ব্যবহার করে একটি ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করেছে। সেই অ্যাকাউন্ট থেকে অশ্লীল ছবি পোস্ট করা হচ্ছিল এবং একাধিক ব্যক্তির কাছে কুরুচিকর ও বিভ্রান্তিকর বার্তা পাঠানো হচ্ছিল।
অভিযোগকারী আরও জানান, তাঁর কর্মস্থলের আর্থিক লেনদেন সংক্রান্ত বার্তাও ওই অ্যাকাউন্ট থেকে ছড়ানো হচ্ছিল, যার ফলে তাঁর সুনাম ক্ষুণ্ন হয় এবং উদ্বেগের সৃষ্টি হয়।
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে শিলিগুড়ি সাইবার ক্রাইম পুলিশ। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে অমর দত্তকে গ্রেফতার করা হয়। বুধবার তাঁকে আদালতে তোলা হয়।

