হাসনাবাদ, ২৮ মার্চ (শিলিগুড়ি ক্রনিকল) – উত্তর ২৪ পরগনার হাসনাবাদে চাঞ্চল্যকর ঘটনায় এক গৃহবধূকে অ্যাসিড খাইয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হাসনাবাদ থানার অন্তর্গত মনোহরপুর এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় চার মাস আগে প্রেম করে এলাকার এক যুবক রাহুল গাজীর সঙ্গে ওই গৃহবধূর বিয়ে হয়। অভিযোগ, বিয়ের পর থেকেই পারিবারিক অশান্তি চলছিল। গতকাল রাতে জোর করে তাকে অ্যাসিড খাওয়ানো হয় এবং মুখেও অ্যাসিড ঢেলে দেওয়া হয় বলে দাবি গৃহবধূর বাপের বাড়ির।
গুরুতর অসুস্থ অবস্থায় প্রথমে তাকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে স্থানান্তরিত করা হয় কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে, যেখানে বর্তমানে তিনি চিকিৎসাধীন।
এই ঘটনায় স্বামী রাহুল গাজী-সহ পরিবারের চার জনের বিরুদ্ধে হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। যদিও অভিযুক্তদের পরিবারের দাবি, পারিবারিক বিবাদের জেরে গৃহবধূ নিজেই অ্যাসিড পান করেছেন।
ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছে গৃহবধূর বাপের বাড়ির সদস্যরা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

