শিলিগুড়ি, ১৯ মার্চ (শিলিগুড়ি ক্রনিকল) – রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মাঝেও ব্যক্তিগত সৌহার্দ্যের বিরল নজির দেখা গেল দাবগ্রাম–ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে। বৃহস্পতিবার সকালে তৃণমূল প্রার্থী রঞ্জন শীল শর্মা ফুল ও মিষ্টি নিয়ে বিজেপি প্রার্থী শিখা চ্যাটার্জির বাড়িতে যান।
রঞ্জন জানান, একসময় তিনি শিখা চ্যাটার্জির বাড়িতেই থাকতেন এবং তাঁর হাত ধরেই রাজনৈতিক জীবনের সূচনা হয়। এদিন প্রচারে বেরোনোর আগে তিনি তাঁর পায়ে হাত দিয়ে আশীর্বাদ নেন এবং তাঁকে মাতৃসম ব্যক্তিত্ব বলে উল্লেখ করেন।
বর্তমান বিধায়ক ও বিজেপি প্রার্থী শিখা চ্যাটার্জি এই উদ্যোগকে স্বাগত জানান এবং শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বলেন, দেশের স্বার্থ রক্ষায় কাজ করা উচিত এবং এই নির্বাচন ‘ধর্ম’ ও ‘অধর্ম’-এর লড়াই।
অন্যদিকে, রঞ্জন স্পষ্ট করেন যে ব্যক্তিগত সম্পর্ক ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আলাদা বিষয়। ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও তাঁদের রাজনৈতিক মতাদর্শ ভিন্ন বলেই তিনি উল্লেখ করেন।

